বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে উপনির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতসহ ১১ দল মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারী শক্তি সদস্য সচিব ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন, দক্ষিণাঞ্চল ডা. মাহমুদা আলম মিতু ও বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, উত্তর বঙ্গের গেটওয়ে বগুড়াকে উন্নয়ন করতে চাইলে একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। যতই সংখ্যা গরিষ্ঠ হন চরিত্রের মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সেই সংখ্যা গরিষ্ঠতা জাতির কোনও উন্নয়নে কাজে লাগবে না। আবিদুর রহমান সোহেল এই বগুড়ার ধুলা বালি খেয়ে বড় হয়েছে, আরেক প্রার্থী আছে বিএনপির যিনি অন্য এলাকা থেকে এখানে এসেছেন, আপনারাই বিবেচনা করবেন কাকে ভোট দেবেন। যার হৃদয়ে মহান আল্লাহ ভয় নেই সে যদি প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান যাই হোক না জনগণের কোনও কল্যাণে কাজে আসবে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই ক্ষমতার অপব্যবহার জনরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের যে সংকট তা নিয়ে মন্ত্রীদের কাছে কোনও জবাব নেই। অথচ মাটির নিচে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল পাওয়া যাচ্ছে, বাঁশ বাগানে সরকারি চাল পাওয়া যাচ্ছে, এসব কারা করছে জনগণ তা বোঝে। এসব অসৎ লোকদের দ্বারা দেশ চালানো সম্ভব না। তাই দেশকে এগিয়ে নিতে হলে আবিদুর রহমান সোহেলদের মতো লোক সংসদ প্রয়োজন। তিনি আসন্ন উপনির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসমাবেশে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, এনসিপির জেলা সভাপতি এস এ মাহমুদ, জামায়াত নেতা রফিকুল আলম, আল-আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, ইকবাল হোসেন, হেদাইতুল ইসলাম প্রমুখ। এর আগে বিকেলে অতিথিবৃন্দ সদরের বাঘোপাড়া এলাকায় আরেকটি নির্বাচনী গণসমাবেশে বক্তব্য রাখেন।