মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসারে একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ হাজার রিল মনোফিলামেন্ট সুতা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় কারেন্ট জাল উৎপাদনকারী কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার কারখানায় ওই অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।
সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আবুল হাশেম জানান, দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জালের কারখানাটিতে অভিযান চালানো হয়। এসময় সমদুয় কারেন্ট জাল ও সুতা জব্দ করে কারখানা মালিক মো. আনিসকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকরা জাল ও সূতা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।