বৃষ্টির পানিতে ডুবে গেছে বোরো ফসল

গত কয়েক দিনে অতিবৃষ্টিতে জেলার হাওরাঞ্চলে তিনটি উপজেলার আটটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। বানিয়াচং উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ জানান, ওই উপজেলায় মোট ৩৩ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উপজেলার সুজাতপুর, মন্দরী, মুরাদপুর ও পইলারকান্দি ইউনিয়নের ভুগলী, ভল্লুয়ার, রাজাখাই, হিজলী, বালি ও বাগের আগার হাওরের ২১৮ হেক্টর বোরো ফসলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, ওই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ধলেশ্বরী নদীর কিনারায় ছয় হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের  চার হেক্টর আংশিক ও তিন হেক্টর সম্পূর্ণ, বদলপুর ইউনিয়নের আংশিক চার হেক্টর, সম্পূর্ণ ছয় হেক্টর, কাকাইলছেও ইউনিয়নে এক হেক্টর বোরো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

চলতি মৌসুমে জেলায় ৯টি উপজেলায় এক লাখ ২৩ হাজার ৮৪৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে এক লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২০৪ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে।