বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন, এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে উপনির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতসহ ১১ দল মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারী শক্তি সদস্যসচিব ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন, দক্ষিণাঞ্চল ডা. মাহমুদা আলম মিতু ও বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, উত্তর বঙ্গের গেটওয়ে বগুড়াকে উন্নয়ন করতে চাইলে একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। যতই সংখ্যা গরিষ্ঠ হন চরিত্রের মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সেই সংখ্যা গরিষ্ঠতা জাতির কোন উন্নয়নে কাজে লাগবে না। আবিদুর রহমান সোহেল এই বগুড়ার ধুলা বালি খেয়ে বড় হয়েছে, আরেক প্রার্থী আছে বিএনপির যিনি অন্য এলাকা থেকে এখানে এসেছেন, আপনারাই বিবেচনা করবেন কাকে ভোট দিবেন। যার হৃদয়ে মহান আল্লাহ ভয় নেই সে যদি প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান যাই হোক না জনগণের কোন কল্যাণে কাজে আসবে না।