ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রতিনিধি দলের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন

দিনাজপুরের হিলি স্থলবন্দর ও কাস্টমস স্টেশনের সার্বিক কার্যক্রম পরিদর্শনসহ হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর প্রতিনিধিদল। গতকাল সোমবার সকালে প্রতিনিধিদলটি হিলি স্থলবন্দরে পৌঁছালে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হিলি ল্যান্ড কাস্টমস স্টেশনের সম্মেলন কক্ষে এক ব্রিফিং ও ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস ও বন্দর কর্মকর্তারা প্রতিনিধিদলের সামনে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, রাজস্ব আদায় এবং বন্দরের অবকাঠামোগত সুবিধা ও সম্ভাবনা তুলে ধরেন।

প্রতিনিধিদলের সদস্যরা বন্দরের অপারেশনাল কার্যক্রম ও জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ন্যাশনাল ডিফেন্স কোর্সের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, হিলি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি কাস্টমস ও বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও শেড ঘুরে দেখেন। তারা সীমান্তের চেকপোস্ট এলাকা পরিদর্শন ও কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরে বিজিবির হিলি সিপি ক্যাম্পে বিজিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে দুপুর পৌনে ১টার দিকে রংপুরের উদ্দেশে হিলি ছাড়েন। এ সময় মেজর জেনারেল (অব.) রাশেদ আমিনের নেতৃত্বে এ দলে সেনাবাহিনীর ৮ জন, নৌবাহিনীর ১ জন, বিমানবাহিনীর ২ জন, সিভিল সার্ভিসের ৩ জন, আনসার ভিডিপির ১ জন, বিদেশি ৬ জনসহ ২৪ সদস্য উপস্থিত ছিলেন।