সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে ওই পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেল পদ ছাড়েন দুই আইনজীবী মুহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহিন ও আহমদ মুসাননা চৌধুরী।

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর (ব্যবসায়ী) কাছ থেকে মামলায় স্থগিতাদেশ প্রত্যাহারের আশ^াসে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। আবুল হাসান ২০২৪ সালের ২৮ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান। তবে প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করার কারণ উল্লেখ করা হয়নি।