রাকসুর সেমিনারে শিশির মনির-ফুয়াদ

‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীদের একাংশ

জামায়াতে ইসলামী নেতা ও আইনজীবী শিশির মোহাম্মদ মনির এবং এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গণভোট বিষয়ক একটি সভায় ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী। গতকাল সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সেমিনারটির আয়োজন করে। এর আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় সেমিনারটি সিনেট ভবনে আয়োজনে বাধা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, রাকসুর বিতর্ক ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি : সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার ফুয়াদ। তবে এই আয়োজন সম্পর্কে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেক সম্পাদকই জানেন না বলে দাবি করেছেন। এ ছাড়া জামায়াত এবং এবি পার্টির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আয়োজিত এই সভার ভেন্যু হিসেবে সিনেট ভবন নির্ধারণে প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সেমিনারটি আয়োজনের সিদ্ধান্ত নেয় রাকসু। কর্মসূচি ঘিরে আলোচকদের ‘মুক্তিযোদ্ধা বিরোধী’, ‘আবরার ফাহাদের হত্যাকারীদের আইনজীবী’ উল্লেখ করে লালকার্ড প্রদর্শন কর্মসূচির ডাক দেওয়া হয়।