সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ার পেছনে তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে। আর ‘নাটক’ নয়, এবার চূড়ান্ত বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল সোমবার দুপুরে রাজধনীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আয়োজিত সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন সাংবাদিক নেতারা। এ সময় আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারের দাবিতে স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ডিআরইউ।
সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘বর্তমান সরকার যদি এই হত্যাকা-ের বিচারপ্রক্রিয়ায় আন্তরিকতা না দেখায়, তবে ডিআরইউ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই এ হত্যাকা-ের তদন্ত করতে চায়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২৫ বার। সরকার আন্তরিক থাকলে এমনটি হতো না।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ডিআরইউর সাবেক ও বর্তমান নেতাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।