ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নাম কেভিন পিটারসেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় কেন হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর বিদায় ঘটেছিল, তা নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। পিটারসেনের দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জেদ এবং এ নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে বিরোধই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার অকালে শেষ করে দিয়েছিল।
জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার এক সাক্ষাৎকারে ‘কেপি’ অভিযোগ করেন, আইপিএলের শুরুর বছরগুলোতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সুপরিকল্পিতভাবে সংবাদমাধ্যমকে ব্যবহার করে তাঁর বিরুদ্ধে ‘উইচ-হান্ট’ বা অপপ্রচার চালিয়েছিল।
পিটারসেন বলেন, “আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আইপিএলে খেলার কারণেই আমি আমার ক্যারিয়ার হারিয়েছি। সেই সময়ের ক্রিকেট প্রশাসন আমার বিরুদ্ধে একজোট হয়েছিল।”
২০১৪ সালে মাত্র ৩৩ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন পিটারসেন। ১০৪ টেস্টের ক্যারিয়ারে তাঁর সংগ্রহ ৮,১৮১ রান। নিজের আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমার ক্যারিয়ার যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আরও অন্তত ৫০-৬০টি টেস্ট খেলা উচিত ছিল। অনায়াসেই আমার নামের পাশে ১২ থেকে ১৩ হাজার রান থাকতে পারত।”
উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের অভিষেক আসরে ইসিবির আপত্তির কারণে ইংলিশ ক্রিকেটাররা অংশ নিতে পারেননি। ২০০৯ সালে তিন সপ্তাহের একটি সীমিত উইন্ডো দেওয়া হলে পিটারসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন। এরপর থেকেই বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে।
তবে নিজের ব্যক্তিগত ক্ষতি হলেও উত্তরসূরিদের জন্য পথ পরিষ্কার করে দেওয়ায় তৃপ্ত পিটারসেন। তিনি বলেন, “কদিন আগে জস বাটলারের সাক্ষাৎকার নেওয়ার সময় সে আমাকে ‘ধন্যবাদ’ জানিয়েছে। কারণ আমি সেদিন সেই লড়াইটা করেছিলাম বলেই বাটলার-বেয়ারস্টোরা এখন সানন্দে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফল ভোগ করতে পারছে।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর পিটারসেন দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতান। ২০১৫ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিযুক্ত হলেও সম্প্রতি ২০২৬ আসরের আগে তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।