মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ৩ দোকান

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে বাজারের একটি চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি মুদি দোকানে। আগুনের তীব্রতায় দুটি মুদি দোকান ও চায়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের পাশাপাশি স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলোর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সিরাজদীখান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের পানি গরম করার কেতলির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।