গাইবান্ধায় এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

গাইবান্ধার কামারজানী এলাকায় অবস্থিত আব্দুন্নাছির হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হাফেজি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে ওই মাদরাসার এতিম ২০ জন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফ্যাশন প্যালেসের সহযোগিতায় কর্মসূচির আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান, দারুল উলুম ইব্রাহিমিয়া কওমী মাদরাসার মোহতামিম মো. আব্দুর রউফ, কামারজানী আব্দুন্নাছির হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামিম জাকির হোসেন সোহাগসহ সংগঠনের সদস্য আল ইমরান, এমএস মুহিত, তাহওহিদা খন্দকার, নওশা মিয়া, মিনজিয়া তুলি ও সায়েম ইসলাম প্রমুখ। 

এ সময় এতিম শিশু মোস্তাকিম (পোড়ার চর) কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোরআন শরীফ পেয়ে তারা খুবই আনন্দিত। এমন সহযোগিতা তাদের পড়াশোনা ও হিফজ শিক্ষায় আরও উৎসাহ যোগাবে।

মাদরাসার মোহতামিম জাকির হোসেন সোহাগ বলেন, এতিম ও হাফেজি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে কোরআন শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনেক উপকার বয়ে আনবে। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।