দীর্ঘ ২৬ বছর পর নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুব মৃধা, কলিগ্রামের ইদ্রিস আলী, গুণাইখাড়ার আবু রায়হান মৃধা, শ্রী কার্তিক মন্ডল, উলিপুরের মো. আবুল হোসেন এবং কলিগ্রামের মো. ইউনুস আলী।
নিহত মেছের আলী সিংড়া উপজেলার কলিগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।
রাষ্ট্রপক্ষ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী মছিরন বিবি। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে আটজনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পায়। এর মধ্যে দুইজন আসামি মৃত্যুবরণ করেন এবং আরও দুইজন পলাতক রয়েছেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত উপস্থিত চারজন এবং পলাতক দুইজনসহ মোট ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দীর্ঘদিন পর হলেও এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।