গোবিন্দগঞ্জে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন না যুবদল নেতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাজেদুল ইসলাম হীরক (৪৫) নামের এক যুবদল নেতার জামিন নাকচ করেছেন আদালত। গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গালিব হাসান এ আদেশ দেন।

সাজেদুল ইসলাম হীরক উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর (জাঙ্গালপাড়া) গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে নিযুক্ত আছেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী মো. এহছানুল হক রিপন তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, হীরকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের সিএসআই শরীফ উদ্দিন জানান, হত্যার উদ্দ্যেশে সন্ত্রাসী হামলার অভিযোগে হীরককে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে গত ৩০ মার্চ স্থানীয় থানায় মামলা হয়। মামলাটি দায়ের করেন গ্রামের মৃত নূরুল ইসলাম মন্ডলের ছেলে রুহুল আমিন মন্ডল (৫৮)।

মামলায় অভিযুক্ত অপর চারজন হলেন আব্দুল জলিল সরকার (৩৬), জয়নুল ইসলাম সরকার (৩৯), কদ্দুস সরকার (৬০) ও আশেফা খাতুন (২৮)।

এদের মধ্যে হীরক, জয়নুল, আব্দুল কদ্দুস ও আশেফা খাতুন সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক এস এম গালিব হাসান আবেদনের শুনানী শেষে হীরক ও আব্দুল কদ্দুস সরকারের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অপর দুইজনকে জামিন দেন। তারা সবাই উপজেলার পিয়ারাপুর (জাঙ্গালপাড়া) গ্রামের বাসিন্দা। আপর আসামি আব্দুল জলিল সরকার পলাতক।