বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েই খেলোয়াড়দের বেতন বাড়িয়েছেন তামিম ইকবাল। বুধবার বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হবে। একই সঙ্গে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের বিভিন্ন বিভাগ বন্টন এবং স্ট্যান্ডিং কমিটিগুলোর নতুন প্রধানদের নাম। তামিম আরও জানিয়েছেন, সরকারের বিদ্যুত ও জ্বালানি সাশ্রয় নীতির আওতায় পরিবর্তন আসছে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময়ে। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য খেলা শুরুর সময় এগিয়ে এনে ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে আনতে চায় বিসিবি।
তামিম জানান, ‘ আমার মনে হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগে যারা কাজ করছে তারা খুব পেশাদারভাবে সুন্দরভাবে কাজ করছে। এই জায়গাটা এত সংবেদনশীল, এখানে আমি একজনকে নিয়োগ করলাম, আবার এসে যদি আমি আমার ইনপুটটা দেই তাহলে একটা ডিস্টার্বেন্স তৈরি হওয়ার সুযোগ থাকে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট পরিচালনা বিভাগে কাউকে নিয়োগ দিব না, যদি কোন এনকোয়ারি আসে তাহলে বোর্ডে আমরা বসে সিদ্ধান্ত নেব। আমি ওয়ার্কিং কমিটি আর ফ্যাসিলিটিজ দেখব, ফাহিম সিনহা দেখবেন গেম ডেভলাপমেন্ট ও বিপিএল, রফিকুল ইসলাম বাবু দেখবেন গ্রাউন্ডস, তানজিল চৌধুরি দেখবেন বয়সভিত্তিক ক্রিকেট,সালমান ইস্পাহানি দেখবেন বিপনন ও শৃংখলা, রাশানা ইমাম দেখবেন নারী ক্রিকেট ও অভিযোগ কমিটি, ইসরাফিল খসরু দেখবেন অর্থ ও সমাজকল্যান, সাইদ ইব্রাহিম আহমেদ দেখবেন নিরাপত্তা ও টেন্ডার এবং ক্রয় কমিটি, মিনহাজুল আবেদীন নান্নু দেখবেন টুর্নামেন্ট কমিটি, মির্জা ইয়াসির আব্বাস দেখবেন লজিস্টিকস ও আতাহার আলি খান দেখবেন আম্পায়ার কমিটি।’
তামিম আরো জানিয়েছেন, ‘ আমরা আজকে কিছু সিদ্ধান্ত নিয়েছে পুরুষ ও নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে। আমাদের নারী ক্রিকেটাররা যখন ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ম্যাচ ফি নিয়ে কোন ধারণা আছে আপনাদের? এটা একসময় ১ হাজার টাকা ছিল। তারপর এটাকে প্রস্তাবিত ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছিল যেটাও অনেক কম। আমার কাছে মনে হয় এটা কোনভাবেই ঠিক না। উনারাও ২০ ওভারের, ৫০ ওভারের, ২-২৩ দিনের ম্যাচ খেলেন। টাকা এখনো যেটা চালু করছি সেটাও বলব না খুব ভাল, তবে বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। এখন টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাবেন ১০ হাজার টাকা করে, ওয়ানডে ম্যাচের জন্য তারা পাবেন ১৫ হাজার টাকা করে, লঙ্গার ভার্সে ২-৩-৪ দিনের ম্যাচের জন্য পাবেন ২০ হাজার টাকা করে। যেটা আগে ৮ হাজার বা এরকম কিছু একটা ছিল’। তামিম যোগ করেন, ‘ জাতীয় দলের বাইরে ৩০-৩৫ জন নারী ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে আছেন, ওখানে ৩০ হাজার টাকা করে তাদের মাসিক বেতন ছিল,এটাকে ৪০ হাজার টাকা করা হয়েছে। জাতীয় দলের চুক্তির সর্বনিম্ন ধাপ হচ্ছে ৬০ হাজার টাকা, তাই আমরা এর চেয়ে বেশি বাড়াইনি কারণ ঘরোয়া আর আন্তর্জাতিকে একটু পার্থক্য রাখা দরকার।‘ পুরুষদের ক্রিকেট নিয়ে তামিম বলেছেন, ‘ পুরুষ ক্রিকেটারদের নিয়ে, গত ৩-৪ বছর ধরে, যদি ভুল না করে থাকি তাহলে যেটা জানি যে তাদের বেতন বাড়েনি। এতদিন পুরুষ ক্রিকেটারদের এ ক্যাটাগরিতে বেতন ছিল ৩৫ হাজার টাকা, বি-৩০ হাজার টাকা ও সি-২৫ হাজার টাকা। আমার কাছে মনে হয় এটা খুবই কম। তারা সবাই কষ্ট করে ক্রিকেট খেলে, তাদের জন্যই আমাদের এই ক্রিকেট বোর্ড, সবকিছু। যে কষ্টটা করে তাদের জন্য আমাদের নুন্যতম কাজটা করে দেয়া উচিত। এখন থেকে এ-ক্যাটাগরিতে বেতন হবে ৬৫ হাজার, বি-ক্যাটাগরি-৫০ হাজার ও সি-ক্যাটাগরিতে ৪০ হাজার টাকা প্রতি মাসে। এই বছরের বেতনের চুক্তি…৪ মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো তারা বেতন পায়নি, হয়তো তাদের চুক্তি সই হয়নি, আজকে যেটা অনুমোদন দিয়েছি সেটা জানুয়ারির ১ তারিখ থেকে কার্যকর হবে। আর তাদের ম্যাচ ফি ১ লাখটাকা করে দেয়া হয়েছে ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে।‘
শুরু না হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে তামিম বলেছেন, ‘ খুব দ্রুতই প্রিমিয়ার লিগ নিয়ে সবগুলো দলের সঙ্গে আমরা বসব। উনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যত দ্রুত আমরা দলবদলের তারিখ দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য। মাঠ নিয়ে একটা শঙ্কা আছে, তবে এখন যদি প্রয়োজন পড়ে তাহলে মাঠ ভাড়া নিব কারণ এখন অনেক ব্যক্তিমালিকানাধীন ক্রিকেট একাডেমি আছে যাদের সুযোগ সুবিধা লিস্ট এ ক্রিকেট আয়োজনের উপযোগী।‘
নিউজিল্যান্ড সিরিজের ৩টা ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সময় পরিবর্তন সম্পর্কে তামিম বলেছেন, ‘ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের সময় পরিবর্তনের চেষ্টা করছি, আমরা চেষ্টা করব যতটা কম সময় ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা যায়। হয়তো ওয়ানডে ম্যাচগুলো ১১টা-সাড়ে ১১টার দিকে শুরু হবে,টি-টোয়েন্টি ম্যাচ হয়তো ২টা বা ২-৩০ মিনিটের দিকে শুরু হতে পারে। সরকার সবাইকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করছে, বিসিবিতে আমরা ভেবেছি যে আমরাও আমাদের ভূমিকাটা পালন করব।’