জমাট বরফতল!
আমি না।
চোখ কাঁদে
লুকিয়ে।
তবুও কেউ কেউ বুঝে যায়
আড়ালের
জমাট বরফতল।
পৃথিবী থেকে লুকিয়ে রাখতে পারি মুখ।
কিন্তু, তার থেকে পালাতে পারি না।
কিছুতেই খুলতে পারি না তার
না থাকার এই প্রবল বেষ্টন!
লেসন
মানুষের কাছ থেকে শিখেছি :
জড়াতে গেলে জীবাণু ভাবে।
জড়াতে না দিলে ভাবে, শুচিবায়ু।
বিছড়া
আমি ব্যাক করি নাই।
ওখানেই থাকছি।
আপনার দেড় দুশতক পরের জেনারেশনের জন্য
কবিতাবিছড়ায় শাকসবজি বপন করে যাচ্ছি
তা না হলে ওরা, মানে
কবিতা না করেও, কবিতা নিয়ে তড়পানোওয়ালারা খাবে কী!
অখন্ড আলোক
তুমি উদয়াস্তহীন, নিষ্পলক
অনন্ত অখণ্ড আলোক।
আমার জানালা খোলা বা বন্ধ রাখার সাথে
তোমার থাকা বা না থাকার সম্পর্ক নেই।
শীততন্ত্র
শীতকাল আসে, শীত আসে না।
আলমারিবন্দি শীতবস্ত্র খামছায় নিজেকে
মুক্তি কী হবে না এবছরও?
ষড়রিপুময় এ বাংলায়
উষ্ণপিচে বর্ষার নাও জিগায় আর কত জয় বাংলা হলে
জলের দেখা পাবো?