নাসির উদ্দিন আহমদের কবিতা

আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:০৯ পিএম

যুগল সর্বনাশ

এখন অন্তরঙ্গ বৃষ্টির মাঝে নেমে আসছে

সুরেলা সর্বনাশ

খুলে যাচ্ছে আমাদের পুরনো বল্কল

ভেজা স্বপ্নের ভেতর

ফুটছে শেষ রাত্রির কদম

আর আল্পনায়

সমস্ত পথ শেষে তোমার নামের চাবি

ঘুরিয়ে

বেরিয়ে পড়ছে নিষিক্ত মাছের মতো

এক গুচ্ছ শব্দ সাহস

অরণ্য ভাসিয়ে নেওয়া ঝড়ো-বৃষ্টি

বহু ভ্রমণ শেষে

নিয়ে যাবে যুগল সর্বনাশে

তখন অমোচনীয় কালির অক্ষরে খোদিত হবে

বহুতল

(বৃষ্টি এসে)

পথ ভুলিয়ে আমাদের ভাসিয়ে নিচ্ছে

অবাক বাঁওড়ের দেশে...!

 

প্রেমিকার ঘুঙ্ঘট

তবুও আছি

ঘাস ও রোদের বর্ণ বুঝে গেছে

আমিও অবুঝ

যত চিত্রকলায় ছড়ানো রঙ

সবাই বুঝে গেছে

নাতিদীর্ঘ অভিমান শেষে ঘরে ফিরে

অরণ্য সবুজ

কথা কয় রাত

দারুচিনির স্বপ্ন লেগে থাকা ঠোঁট

শস্য ফেলে

পরিপূর্ণ নদী ছেড়ে

মনে হেসে ওঠে প্রেমিকার ঘুঙ্ঘট!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত