আমিনুল ইসলাম বুলবুল যে কাজটা ৭৫ দিনেও শেষ করতে পারেননি, তামিম ইকবাল সেই কাজটা দুদিনেরও কম সময়ে করে ফেলেছেন! বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর গভর্নিং কাউন্সিলেরও চেয়ারম্যান ছিলেন। নিয়ম অনুযায়ী, বিপিএলের খেলা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড়দের সব বকেয়া পাওনা পরিশোধ করে ফেলার কথা। কিন্তু ঢাকা ক্যাপিটালস ৭৫ দিন পার করে দিয়েও টাকা দিচ্ছিল না। বিপিএলের সদ্য সাবেক সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বারবার সাংবাদিকদের বলেছেন যে ব্যাংক গ্যারান্টি রাখা আছে, ফ্র্যাঞ্চাইজি হিসাব দেবে এসব নানান কিছু। কিন্তু বাস্তবতা হচ্ছে খেলোয়াড়রা পাওনা টাকা পাননি। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন মোহাম্মদ মিঠুন, পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এরও তিনি সভাপতি। অতীতে দেখা গেছে বিপিএল কিংবা ঢাকা লিগে বকেয়া পাওনা ইস্যুতে কোয়াবের সভাপতি বা সাধারণ সম্পাদককে ক্রিকেট বোর্ডে দৌড়াদৌড়ি করতে। এবার তো মিঠুন নিজেই ভুক্তভোগী! তবে তামিমের কাছ থেকে সুসংবাদ পেয়েছেন মিঠুন ও তার সতীর্থরা। আজই তারা বুঝে পাবেন বহুদিনের বকেয়া।
দেশ রূপান্তরকে মিঠুন জানান, ‘আজ (বুধবার) বিসিবি সভাপতির সঙ্গে আমাদের (কোয়াব) বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। ২ দিনের মধ্যে সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে লিগ শুরুর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’