ঢাকায় ব্রাজিলের প্রস্তুতি!

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৪ এএম

ব্রাজিল দল খেলবে কলকাতার বিশ্ব যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর ভিনিসিয়ুসরা অনুশীলন করবেন ঢাকার জাতীয় স্টেডিয়ামে। রবিবার ব্রাজিল প্রতিনিধি দলের পরিদর্শন শেষে সেটাই জানা গেল। পরিদর্শন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ইকবাল হোসেন জানালেন গুরুত্বপূর্ণ কথা, ‘বাংলাদেশ ফুটবলের একটা নতুন দিন এসেছে। ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, মাঠসহ সবকিছু দেখে গেছে। তারা যেকোনো দেশের বিপক্ষে কিংবা বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ খেলতে আমাদের ভেন্যু ব্যবহার করতে চায়।’

দুপুর তখন ২টা ৫০ মিনিট। হঠাৎ করেই জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন ব্রাজিল ফুটবলের পাঁচ প্রতিনিধি। পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে দলের অন্য সদস্যরা হলেন প্রশাসক ভিনিসিয়ুস বারোজো কোস্তা, মার্কেটিং ও অপারেশন্স ম্যানেজার হোসে ভিতোর সেনাতোরে দে পাউলা লিমা, ফিজিওলজিস্ট গিলহার্মে পাসোস রামোস এবং নিরাপত্তা কর্মকর্তা ব্রুনো মাজেই রেইস। তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়া বক্সসহ পুরো স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে দেখেছেন। প্রাথমিকভাবে স্টেডিয়ামের পরিবেশে সন্তুষ্টিও প্রকাশ করেছেন প্রতিনিধি দলটি। ইকবাল হোসেন বলেন, ‘ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশের স্টেডিয়াম পরিদর্শন করে গেছেন এবং প্রয়োজন হলে মাঠের কাজ শেষ হওয়ার পর তারা আবারও পরিদর্শনে আসবেন।’ তবে ব্রাজিলের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। প্রতিনিধি দলটি মূলত স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও পরিবেশ যাচাই করতেই বাংলাদেশে এসেছে। মাঠের বাকি কাজ প্রায় দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে। স্টেডিয়াম পরিদর্শনের সময় ব্রাজিলের প্রতিনিধিরা মাঠের ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ এবং ঘাসের মান খতিয়ে দেখেছেন। ইকবাল জানান, ব্রাজিলের প্রতিনিধি দলটি আজই ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং পরিদর্শন শেষে রাতেই ফিরে যাবে। তাদের সফরের মূল উদ্দেশ্য ছিল সম্ভাব্য ভেন্যু হিসেবে বাংলাদেশের স্টেডিয়ামটি সরেজমিনে দেখা।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিল ও ভারতের একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল বাংলাদেশে এসে অনুশীলন করবে কি না, এমন প্রশ্নের জবাবে বাফুফের এই কর্মকর্তা জানান, এমন কোনো বিষয় এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘এ রকম কোনো বিষয় না। তারা মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে গেছে। তারা বলেছে, প্রয়োজন হলে আমাদের স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে। আবার বাংলাদেশের সঙ্গেও কোনো ম্যাচ খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়া পরে জানাবে।’

তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দিতে চাননি তিনি। বাফুফে সভাপতি ও ব্রাজিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানান এই কর্মকর্তা। ইকবাল বলেন, ‘উনাদের সঙ্গে হয়তো প্রেসিডেন্ট বসবেন। আমাদের বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসার পর আমি আপনাদের আরও ক্লিয়ার করতে পারব।’ ব্রাজিল দল খেলবে ভারতে, কিন্তু অনুশীলন করবে বাংলাদেশে। এখানেই শুভংকরের ফাঁকি দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা বলেন, ‘ব্রাজিল দলের অনুশীলনে টিকিট বিক্রি করে অর্থ লাভের প্রত্যাশায় এই দলটিকে ঢাকায় এনেছে একটি সুবিধাভোগী পক্ষ। নইলে উড়িষ্যার মতো রাজ্য যেখানে অনুশীলনের ভেন্যু দিতে চেয়েছে, সেখানে হঠাৎ করেই কীভাবে ঢাকায় উড়ে এলো দলটি, তা আমার বোধগম্য নয়।’

ইকবাল যোগ করেন, ‘যেহেতু ফিফা উইন্ডোতে ওরা ভারতে আসছে, আমরাও চেষ্টা করব এখানে এনে ওদের ম্যাচ খেলানো যায় কি না। যদিও বাংলাদেশ দল তখন আসিয়ান কাপে খেলবে। তারপরও ব্রাজিল টিম বাংলাদেশে যদি আসে, ম্যাচ না খেলে এক বেলা অনুশীলন করলেও অনেক কিছু।’ কোনো লক্ষ্য বা পরিকল্পনা না থাকলে তো এভাবে ঢাকায় এসে মাঠ দেখত না মনে করছেন ইকবাল হোসেন।

 ঢাকা স্টেডিয়ামে যেহেতু নতুন ঘাস লাগানো হয়েছে এবং নতুনভাবে এটি তৈরি করা হচ্ছে, তাই মাঠ নিয়ে প্রতিনিধিদলের আপত্তির খুব একটা জায়গা নেই মনে করেছেন ইকবাল। তবে মাঠ নিয়ে প্রতিনিধিদলটির মন্তব্য না করা নিয়ে সাবেক এই ফুটবলার বলেন, ‘মাঠের ব্যাপারে ওরা কোনো মন্তব্য করেনি, যেহেতু আমরা তাদের প্রথমেই বলেছি, আজ সকালে আমরা ঘাস কেটেছি। তবে ওরা বলেছে আবার আসবে। মাঠের সব কাজ শেষ হলে আসবে।’ মাঠ পুরোপুরি তৈরি হতে আরও দুই সপ্তাহ লাগবে বলে জানান সাবেক এই ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত