বার্নাব্যুতে রিয়ালের দম্ভ চূর্ণ

ইতিহাস ও পরিসংখ্যান ছিল রিয়াল মাদ্রিদের পক্ষে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নেমেছিলেন লস ব্লাঙ্কোসরা। কিন্তু মাঠের লড়াইয়ে রিয়ালের সেই দম্ভ ধুলায় মিশিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ভিনসেন্ট কোম্পানির দল।

ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে বায়ার্ন মিউনিখ। মাত্র ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেননি জার্মান জায়ান্টরা। ৯ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন দায়ত উপমেকানো; লুনিনকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

শুরুর ধাক্কা সামলে ১৬ মিনিটে আক্রমণে ওঠে রিয়াল, কিন্তু কিলিয়ান এমবাপ্পের প্রচেষ্টা রুখে দেন অভিজ্ঞ ম্যানুয়াল নয়্যার। এরপর আক্রমণ-পাল্টাআক্রমণে খেলা জমজমাট হয়ে উঠলেও গোলের দেখা মিলছিল না। তবে ৪১ মিনিটে স্তব্ধ হয়ে যায় বার্নাব্যু। সার্জ নাবরির পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ বায়ার্নকে ১-০ গোলে এগিয়ে দেন।

বিরতি থেকে ফেরা রিয়াল গুছিয়ে ওঠার আগেই বড় ধাক্কা খায়। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ২-০ গোলে পিছিয়ে পড়ে দিশেহারা হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৬১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নয়্যারকে একা পেয়েও গোল করতে না পারলে হতাশা আরও বাড়ে স্বাগতিক শিবিরে।

ম্যাচের ৭৫ মিনিটে অবশেষে ডেডলক ভাঙে রিয়ালের। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান ২-১-এ কমিয়ে আনেন কিলিয়ান এমবাপ্পে। এই একটি গোল রিয়ালকে শুধু স্বস্তিই দেয়নি, দ্বিতীয় লেগের আগে লড়াইয়ে টিকে থাকার আশাও জাগিয়ে রেখেছে। ম্যাচের শেষ দিকে দুদলই গোলের সুযোগ পেলেও ব্যবধান আর বাড়েনি।

ইতিহাস বলছে, ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জেতার পর বায়ার্ন ৩১ বারের মধ্যে ৩০ বারই পরবর্তী ধাপে গেছে। অন্যদিকে ঘরের মাঠে প্রথম লেগ হারার পর রিয়াল মাত্র একবারই কামব্যাক করতে পেরেছে। তবে এই পরিসংখ্যান নিয়ে ভাবছেন না রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। ম্যাচশেষে তিনি সমর্থকদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘যারা আমাদের ওপর আস্থা রাখতে পারছেন না, তারা মাদ্রিদেই থেকে যেতে পারেন। কিন্তু আমরা জয়ের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতেই মিউনিখে যাচ্ছি।’

অন্যদিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি সতর্ক অবস্থানে থেকে বলেন, ‘রিয়াল মাদ্রিদ অত্যন্ত ভয়ঙ্কর দল, লড়াই এখনো শেষ হয়নি।’

আগামী ১৫ এপ্রিল রাতে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগের লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই জায়ান্ট। সেমিফাইনালের টিকিট পেতে মিউনিখে রিয়ালকে করতে হবে অসাধ্য সাধন।