রাজধানীর কলাবাগান গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে আগুন লাগার খবরে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনরা এদিক-ওদিক ছোটাছুটি করে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
গতকাল বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১১টা ৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
জানা গেছে, হাসপাতালের ১৫তলা ভবনের ছয় এবং সাততলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সামান্য ধোঁয়ার সৃষ্টি হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শান্ত থাকার জন্য ঘোষণা দেওয়া হলেও কাজ হয়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।