শেরপুর-৩ আসনে চলছে ভোট, নারীর উপস্থিতি বেশি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ধীর গতিতে চলেছে ভোটগ্রহণ। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় ছিল অনেক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।

কেন্দ্রগুলোতে দেখা গেছে, নারী ভোটারদের লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) মেলাতে বেশি সময় লাগায় ভোটগ্রহণে ধীরগতি দেখা দিয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ পর্যন্ত ১১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা নির্বাচন অফিস জানায়, এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত ও প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাসুদুর রহমান মাসুদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছে।