একটা সময় বাবর আজমকে তুলনা করা হলো ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির সঙ্গে। কিন্তু তার সেই সুসময় শেষ হয়ে গেছে বহু আগেই। জাতীয় দল থেকে বাদ পড়েছেন বাবর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে তিনি আবারও খবরের শিরোনামে। সংবাদ সম্মেলনে সেই বিরাট কোহলির সঙ্গে তুলনামূলক এক প্রশ্নে মেজাজ হারালেন বাবর।
হায়দ্রাবাদ কিংসমেমের বিপক্ষে ম্যাচে ১৪৬ রান তাড়া করতে নেমে বাবর আজম ৩৭ বলে ৪৩ রান করেন। লক্ষ্য ছোট হলেও বাবর থিতু হয়ে ম্যাচ শেষ করে আসতে পারেননি। পেশোয়ার জালমি শেষ বলে ম্যাচ জিতলেও বাবরের আউট ছিল প্রশ্নবিদ্ধ। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরি তুলনা টেনে বলেন, ‘বিরাট কোহলি আপনার মতোই ব্যাটার। কিন্তু তিনি ম্যাচ শেষ করে আসেন যা আপনার মধ্যে দেখা যায় না। মানুষ আপনাদের তুলনা করে, এ বিষয়ে আপনার মতামত কী?’
প্রশ্নটি শুনে দৃশ্যত ক্ষুব্ধ হন বাবর আজম। সাংবাদিককে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘এসব তুলনা বন্ধ করুন। এই আলোচনাগুলো নিজের কাছেই রাখুন। আমি ম্যাচ শেষ করতে পারি না —এটি আপনাদের ভুল ধারণা।’ বাবর সাফ জানিয়ে দেন যে, কোহলির সঙ্গে তার তুলনা টেনে বিতর্ক তৈরি করার চেয়ে খেলা নিয়ে কথা বলাই শ্রেয়।
চলতি পিএসএল মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচে ৮২ রান করেছেন বাবর। তবে তার ১২৬.১৫ স্ট্রাইক রেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাসিঠাট্টা। ১৪৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত অপেক্ষা করাটা সমর্থকদের হতাশ করেছে। সমালোচকদের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর তার ইনিংসের গতি বাড়াতে পারছেন না। বাবরের বাউন্ডারি মারার সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠছে। দুই ম্যাচে তিনি ১০টি চার মারলেও ছক্কা মেরেছেন মোটে একটি।