আপিল করে হেরে গেল হামজার লেস্টার সিটি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

মাঠের লড়াইয়ে সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না, তার ওপর আদালতের রায়েও বড় ধাক্কা খেল বাংলাদেশের সুপারস্টার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। লাভ ও স্থায়িত্বের নিয়ম (পিএসআর) ভঙ্গের দায়ে দেওয়া ৬ পয়েন্ট কর্তনের বিরুদ্ধে ক্লাবটি যে আপিল করেছিল, তা খারিজ হয়ে গেছে। এই রায়ের ফলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও তলানিতে নেমে গেল সাবেক প্রিমিয়ার লিগ বিজয়ীরা।

গত ৫ ফেব্রুয়ারি যখন প্রথম লেস্টারের পয়েন্ট কাটার ঘোষণা আসে, তখন ক্লাব কর্তৃপক্ষ একে ‘অসামঞ্জস্যপূর্ণ’ শাস্তি হিসেবে অভিহিত করে হতাশা প্রকাশ করেছিল। নিয়মানুযায়ী, প্রিমিয়ার লিগের দলগুলো তিন বছরে সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ড লোকসান করতে পারে। তবে কোনো দল দ্বিতীয় স্তরে (চ্যাম্পিয়নশিপ) নেমে গেলে প্রতি মৌসুমের জন্য এই সীমা ২২ মিলিয়ন পাউন্ড করে কমে আসে। গত বছর প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া লেস্টারের হিসাব কষে দেখা গেছে, তারা নির্ধারিত সীমার চেয়ে ২০.৮ মিলিয়ন পাউন্ড বেশি খরচ করেছে।

লেস্টার অবশ্য আইনি লড়াইয়ে যুক্তি দিয়েছিল যে, তাদের হিসাব ৩৬ মাসের পরিবর্তে ৩৭ মাসের ভিত্তিতে বিবেচনা করা হয়েছে। কিন্তু কমিশন সেই দাবি নাকচ করে দিয়ে জানায়, নির্দিষ্ট ৩৬ মাস সময়ের মধ্যেই তারা বড় অঙ্কের আর্থিক নিয়ম ভঙ্গ করেছে।

আদালতের এই রায় এমন এক সময়ে এল যখন লেস্টার তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিপর্যস্ত। নতুন অন্তর্বর্তীকালীন কোচ গ্যারি রোয়েটকে নিয়োগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই দুঃসংবাদ পেল ক্লাবটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে তারা।

পয়েন্ট হারানোয় লেস্টার এখন চ্যাম্পিয়নশিপ টেবিলের ২২ নম্বরে অবস্থান করছে। হাতে আছে মাত্র ৫টি ম্যাচ। রেলিগেশন জোন থেকে বাঁচতে হলে তাদের এখন অসাধ্য সাধন করতে হবে। যদি তারা ঘুরে দাঁড়াতে না পারে, তবে এক দশকেরও কম সময় আগে প্রিমিয়ার লিগ জিতে রূপকথা গড়া দলটিকে টানা দ্বিতীয়বারের মতো অবনমনের তিক্ত স্বাদ পেতে হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত