বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে

বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের রায় মেনে না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেনি, জনগণের সঙ্গে প্রতারণাও করছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রীরাও গণভোটে হ্যাঁ ভোট চেয়েছেন। কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোট মানে না।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর শাহবাগে গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশিরসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা। পরে নেতারা শাহবাগে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মাঝে লিফলেট বিতরণ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে থাকেন, তবে তিনি কেন গণভোটের রায় বাস্তবায়ন করছেন না। ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি যেসব প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে গণভোট জয়যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোট অব ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এজন্যই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা ছলে-বলে-কৌশলে ফ্যাসিবাদের পথে ফিরে যেতে চায়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গণভোটে জনগণের রায় মেনে নেবে। তারা ৫১ শতাংশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণভোটে ৭০ শতাংশ জনগণের রায়কে মেনে নিচ্ছে না। বিএনপি ৭০ শতাংশ জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ৫১ শতাংশ জনগণের রায়কেও আমরা বৈধ বলতে পারি না। তিনি বিএনপিকে বিগত ১৭ বছরের কথা স্মরণ করে দিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ আপনাদের পক্ষে ছিল। কিন্তু আপনাদের গণবিরোধী কর্মকা-ে আগামীতে জনগণকে পাশে পাবেন না। জনগণকে পাশে পেতে হলে গণবিরোধী কর্মকা- পরিহার করে জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান।

মগবাজারে জামায়াতের লিফলেট বিতরণ : জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক রায় প্রদান করেছে; তাই সরকারকে এ সনদের দাঁড়ি, কমা; সেমিকোলনসহ শতভাগ বাস্তবায়ন না করলে জনগণকে সঙ্গে নিয়ে গণরায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে বলে সরকারকে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজার মোড়ে ‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বাালানি সংকট নিরসনের’ দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, এবি পার্টির থানা সভাপতি রিয়াজ উদ্দিন, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান প্রমুখ।