২৭ দিনের বিরতি শেষে ফের শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। বারবার ছেদপড়া লিগের ঘুম ভাঙছে চিরকালীন রোমাঞ্চে ঠাসা আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়ে, যা ঢাকা ডার্বি হিসেবেই সমর্থকদের কাছে পরিচিত। যদিও গত কয়েক বছর ধরেই এই দ্বৈরথের মঞ্চ কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। আজ ছুটির দিন কুমিল্লাবাসী বেলা পৌনে ৩টা থেকে পাবেন আরেকটি মহালড়াই দেখার সুযোগ।
এ মাঠে দুদল শেষবার মুখোমুখি হয়েছিল লিগের প্রথম পর্বে। ২৪ নভেম্বর সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ৩-২ ব্যবধানে। সেই জয়ের পর থেকে অবশ্য মোহামেডান উল্টোরথের যাত্রী। সেই জয়ের পর খেলা আট ম্যাচে মোটে একটিতে জিতে ধুঁকছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ছয় ম্যাচে পায়নি জয়ের দেখা। লিগ লম্বা বিরতিতে যাওয়ার আগে একাদশ রাউন্ডের ম্যাচটি তারা ১-১ ড্র করেছে পুলিশ এফসির সঙ্গে। ১১ ম্যাচে মাত্র দুই জয়ে ১১ পয়েন্ট নিয়ে সাদা-কালোরা আছে ষষ্ঠ স্থানে। সে তুলনায় আবাহনীর অবস্থান বেশ ভালো। মোহামেডানের কাছে হারের পর পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়নি আকাশি-হলুদ ব্রিগেডকে। লিগে শেষ ম্যাচে তারা ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে উঠে গেছে টেবিলের তৃতীয় স্থানে। আজ জিতলে ফর্টিস এফসিকে টপকে দুইয়ে পৌঁছে যাবে ছবারের লিগজয়ীরা। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধান দাঁড়াবে দুই পয়েন্ট।
আবাহনীর ঠিক পরে থাকা রহমতগঞ্জ আজ গাজীপুরে মুখোমুখি হবে তলানির দল পিডব্লিউডির। পুরনো ঢাকার দলটির সংগ্রহে আছে ১৮ পয়েন্ট। এই ম্যাচ জিতলে রহমতগঞ্জেরও সুযোগ থাকবে রেসে ফেরার। মানিকগঞ্জে অপর ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ আরামবাগ। ১০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে সাতে। নয়ে থাকা আরামবাগের সংগ্রহ ৯।