সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারে জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেল মি. মহোসাকি কাওরুর সঙ্গে বৈঠক করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিটিটিসি প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মাসুদ করিম।
ডিএমপি জানায়, বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একইসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, নতুন ধরনের হুমকি এবং সেগুলো মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিটিটিসি জানায়, বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই বৈঠক দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।