শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি তিনজনের আমৃত্যু কারাদন্ড

রাজধানীর কামরাঙ্গীরচরে সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি করানোর দায়ে তিনজনের আমৃত্যু কারাদন্ডসহ পাঁচজনকে সাজা দিয়েছে  আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। দন্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করে অর্থদন্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে আদালত।

আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুক। ঘটনার সময় শিশুর বয়স বিবেচনায়  দুই জনকে দেওয়া হয়েছে ১০ বছর করে কারাদন্ড। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম ও খন্দকার ওমর ফারুক কারাগারে আছেন। অপর সাজাপ্রাপ্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ৬ মে কামরাঙ্গীরচর এলাকা থেকে সাত বছরের শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরিকল্পনা অনুযায়ী, শিশুটিকে আজীবনের জন্য পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করে। এই উদ্দেশ্যে তারা নির্জন স্থানে নিয়ে শিশুটির লিঙ্গ কর্তন করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে শিশুটির মা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় এ মামলাটি করেন।