ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে বিএনপি। আজ শুক্রবার থেকে আগ্রহী প্রার্থীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মনোনয়ন ফরমের সময়সূচি ও ফি : শুক্রবার বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ফরমের মূল্য ২ হাজার টাকা। ১২ এপ্রিলের মধ্যে পূরণকৃত ফরম জমা দিতে হবে। ফরম জমার সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।
নির্বাচনের তফসিল : এর আগে গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে।