জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জেনারেল মিনহাজ

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। সদ্য লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়া এই চৌকস সেনা কর্মকর্তাকে মর্যাদাপূর্ণ এ পদে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গত বুধবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের এ নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনারেল মিনহাজুল আলম মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হবেন। জাতিসংঘ মহাসচিব বিদায়ী ফোর্স কমান্ডার বাতসুরির একাগ্রতা ও সেবার প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীতে নেতৃত্ব ও কমান্ড পর্যায়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রামুর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি পদাতিক ফর্মেশনে কাউন্টার টেররিজম, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অভিযানসহ একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পদে নেতৃত্ব দিয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশনে (মিনুস্কা) সেক্টর কমান্ডার (২০২০-২০২১) এবং পূর্ব তিমুরে (আনটায়েট) সামরিক পর্যবেক্ষক (১৯৯৯-২০০০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অসামান্য পেশাগত দক্ষতার পাশাপাশি মিনহাজুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে স্নাতকোত্তর (এমএসসি), বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শিক্ষা লাভ করেন।