পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডামাডোলের মাঝেই বড় এক সুসংবাদ পেলেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ হাজার রান পূর্ণ করতে বাবর আজমের লেগেছে মাত্র ৩৩৮টি ইনিংস। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির দখলে, যিনি ৩৬০টি ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। তালিকার তৃতীয় স্থানে থাকা ক্রিস গেইলের লেগেছিল ৩৪৩টি ইনিংস।
গতকাল বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলার পথেই এই রেকর্ড গড়েন বাবর। ম্যাচে তিনি ৩৯ বলে ৮৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। বাবরের এই রেকর্ড গড়ার রাতে তার সতীর্থ কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে করাচিকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার।
কেবল ঘরোয়া লিগ নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও এখন সর্বোচ্চ সংগ্রাহক বাবর আজম। ১৪৫ ম্যাচে তার সংগ্রহ ৪ হাজার ৫৯৬ রান। যেখানে কোহলির সংগ্রহ ৪ হাজার ১৮৮ রান। অনেকদিন ধরেই বাবরের দুঃসময় চলছে। পিএসএলে দারুণ এই ইনিংস দিয়ে তিনি নিজেকে যেন ফিরে পেলেন।