ইংল্যান্ডে প্রথম টেস্টে বাবর আজমকে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার মাত্র দুই দিন আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ডান হাতের আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম টেস্টে অধিনায়ক ব্যাটার বাবর আজমের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার হেডিংলি টেস্টের শুরুর দিন সকালে মেডিকেল প্যানেল ও নির্বাচকদের শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তার ভাগ্য।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় প্রথম ডান হাতে আঘাত পান বাবর। পরবর্তীতে ইংল্যান্ড সফরের আগে বেকেনহামে ‘প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশ’-এর বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আবারও সেই একই জায়গায় চোট পান তিনি। ব্যাথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর সতর্কতা হিসেবে আর খেলায় ফেরেননি তিনি।

হেডিংলিতে সোমবার পাকিস্তান দলের প্রথম অনুশীলন সেশনে নেটে অল্প সময়ের জন্য ব্যাট করতে নামেন বাবর। খালি চোখে বড় কোনো অস্বস্তি প্রকাশ না পেলেও তার নেটে থাকার সময়টি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত।
 
হেডিংলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পেসার মোহাম্মদ আব্বাস জানান, বাবরের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তিনি খেলবেন কি না তা ম্যাচের দিনই ঠিক হবে। আজ তিনি কিছু থ্রো-ডাউন এবং হালকা ব্যাটিং প্র্যাকটিস করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে।"

বাবর যদি একাদশে না থাকেন, তবে পাকিস্তানের মিডল অর্ডারে পরিবর্তন আসা নিশ্চিত। সেক্ষেত্রে দীর্ঘদিন পর একাদশে একসঙ্গে দেখা যেতে পারে সৌদ শাকিল ও তরুণ ব্যাটার আওয়াইজ জাফরকে।

বাবরকে নিয়ে শঙ্কা থাকলেও অধিনায়ক শান মাসুদকে নিয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে আঙুলে ফ্র্যাকচার হওয়ায় দ্বিতীয় টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে হেডিংলিতে পুরো সেশনজুড়ে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেছেন এই বাঁহাতি।
 
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতেই শান মাসুদের কাছ থেকে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেন বাবর আজম। বাবর ও মাসুদ—দুজনই যদি দলের বাইরে থাকেন বা ফিট না হন, তবে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। তবে সাদা পোশাকের ক্রিকেটে এখনও পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়নি তার।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত