‘মনে হচ্ছিল নিজের শেষকৃত্য দেখছি’

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

২০২২ কাতার বিশ্বকাপের সেই অভিশপ্ত রাতটি আজও তাড়া করে বেড়ায় নেইমার জুনিয়রকে। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার প্রায় চার বছর পর, সেই মুহূর্তের মানসিক যন্ত্রণা এবং ড্রেসিংরুমের থমথমে পরিবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই ব্রাজিলীয় মহাতারকা। নিজের ইউটিউব চ্যানেলে সতীর্থদের সঙ্গে আলাপকালে সেই রাতের ভয়াবহ স্মৃতি রোমন্থন করেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। কিন্তু টাইব্রেকারে কোনো শট নেওয়ার সুযোগ পাননি। কারণ তিনি পঞ্চম শটটি নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তার আগেই রদ্রিগো ও মার্কিনহোস গোল করতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়। নেইমার বলেন, ‘আমি সবসময়ই পঞ্চম শট নিই। আমার মাথায় ছিল ওটাই সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সুযোগ আর আসেনি।’

বিদায়ের পরের মুহূর্তগুলোকে জনপ্রিয় জম্বি সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর সঙ্গে তুলনা করেছেন নেইমার। তিনি বলেন, ‘ম্যাচ শেষে যখন হোটেলে ফিরলাম, মনে হচ্ছিল পৃথিবীটা শেষ হয়ে গেছে। পরিবারের লোকজনের সঙ্গে যখন দেখা হচ্ছিল, সবাই একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমরা কোনো কবরস্থানে আছি। সবাই সিরিয়াস, সবার চোখ লাল।’

নেইমার আরও যোগ করেন, ‘শুনলে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু আমার মনে হচ্ছিল আমি নিজের শেষকৃত্য দেখছি। আমি একটা ঘরে চুপচাপ বসে ছিলাম, আর একের পর এক মানুষ আসছিল। কেউ কোনো কথা বলছিল না। পাঁচ মিনিট আমি স্রেফ তাকিয়ে ছিলাম, মনে হচ্ছিল আমি কফিনের ভেতরে শুয়ে আছি আর সবাই আমাকে বিদায় জানাচ্ছে। সহ্য করতে না পেরে আমি রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম।’

এদিকে ব্রাজিল দলের আরেক কিংবদন্তি মার্সেলো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নেইমারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিবাদ ছিল না। রোমারিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মার্সেলো বলেন, ‘নেইমারের সঙ্গে ঝগড়া? পাগল নাকি! আমাদের মধ্যে কিছুই হয়নি। স্রেফ আমাকে আর ডাকা হয়নি, এটাই সত্যি। কিন্তু দীর্ঘ ১২ বছর জাতীয় দলে খেলার পর কোনো ব্যাখ্যা ছাড়াই বাদ পড়াটা ছিল অদ্ভুত।’

সম্প্রতি এক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে কাতার হারের একধরনের ‘প্রতিশোধ’ নিয়েছে ব্রাজিল। তবে ইনজুরির কারণে নেইমার সেই ম্যাচে মাঠে ছিলেন না। ২০২৬ বিশ্বকাপের আগে নেইমারের এই স্মৃতিচারণ ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—আসন্ন বিশ্বকাপে কি তবে এই আক্ষেপ ঘুচাতে পারবেন নেইমার?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত