নারায়ণগঞ্জের কাঁচপুরের রায়েরটেক গ্রামে খাঁন বাড়ির পুকুরে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৮) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে দুই ভাই পুকুর পাড়ে ফুটবল খেলছিল। এ সময় ফুটবলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়। সেসময় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা যায়নি। পরে তাদের স্বজনরা দুই ভাইকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, আদনান ও আব্রাহাম কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র। তারা কাঁচপুর রায়েরটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।