জমির সীমানা নিয়ে বাকবিতণ্ডা, ফাঁকা গুলি ছুঁড়ে আটক বৃদ্ধ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পিস্তল ও গুলিসহ রফিকুল ইসলাম সম্রাট (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত রফিকুল উপজেলার ধাওয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকালে রফিকুল ইসলাম প্রতিবেশী আলমগীর সরদারের বাড়িতে যান। এ সময় জমির সীমানা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলমগীরের নাতি তামীম সরদার (১৫) সম্রাটকে ধাক্কা দিলে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে সম্রাট তার সঙ্গে থাকা পিস্তল বের করে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলমগীর সরদার তাকে থামানোর চেষ্টা করলে সম্রাট পিস্তলের বাট দিয়ে তার মাথার ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সম্রাটকে আটক করে। স্বজনরা আহত আলমগীরকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলোমগীর হোসেনের মেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে এসে রফিকুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রসহ আটক রফিকুল ইসলাম সম্রাটকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।