মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর রানীরবাজার সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়াকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কাজে নিয়োজিত ৪টি ট্রাক জব্দ করা হয়। অভিযানে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে আইনগত সহায়তা প্রদান করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। সরকারি আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’