রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে পিস্তল গুলি উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার মধ্যরাতে মারিশ্যা ব্যাটালিয়নের ২৭ বিজিবি অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটকের লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ বিজিবির একটি টহল দল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। আনুমানিক রাত পৌনে ১২টার দিকে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। সঙ্গে সঙ্গে তারা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।