মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের বন্দর ছেড়েছিল গত বুধবার। প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল শুক্রবার হরমুজ প্রণালির কাছাকাছি এলেও জাহাজটিকে পার হওয়ার অনুমতি দেয়নি ইরান।
জানা গেছে, গতকাল সকালের দিকে ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটির মুখ ঘুরিয়ে ফের নিরাপদে আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে।’
তিনি আরও জানান, ‘কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জয়যাত্রা এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ জাহাজে থাকা ৩১ জন নাবিকের পর্যাপ্ত খাবার মজুদ আছে বলেও জানান তিনি।
বিএসসির তথ্যমতে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।
গত ১১ মার্চ জেবেল আলি বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজায় ফিরে যেতে বাধ্য হয়। জাহাজটির ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন যাওয়ার কথা।