দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের বোদায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে। সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেশা ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স।
তিনি আরও বলেন, শিলাবৃষ্টি যেমন কোনও দল ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনও দল মতো দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেওয়া হবে।
বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য কাজ করছে। আমরা নির্বাচনী ইশতেহারে যা যা বলেছি তার সবকটি বাস্তবায়ন করা হবে। আমরা সবার সহযোগিতা চাই, উল্লেখ করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলার ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০টি পরিবারকে ১ বান্ডিল টিন ৩ হাজার টাকা ও ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।