ভেজাল গুড় তৈরির দায়ে কোটালীপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরির দায়ে চয়ন সরকার নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ মণ ভেজাল গুড় জব্দ করে পানিতে ফেলে নষ্ট করা হয়।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ি গ্রামে এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক জানান, উপজেলার কলাবাড়ী গ্রামে ভেজাল গুড় তৈরির করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, চয়ন সরকার দীর্ঘ দিন ধরে ভালো গুড়ের সাথে নষ্ট গুড় ও চিনি মিশিয়ে তা জ্বালিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। আদালতের এমন অভিযানে তিনি আর ভেজাল গুড় তৈরির সাহস পাবেন না।

অভিযুক্ত চয়ন সরকার বলেন, ভালো গুড়ের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরি করে বিভিন্ন বাজার ও মেলায় বিক্রি করে আসছিলাম। তবে আমি কোনও পচা বা খারাপ দ্রব্য ও খারাপ কিছু মেশাই না। তিনি আগামীতে এমন কাজ করবেন না বলে জানান।