গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত দুই ব্যবসায়ী ও গণপিটুনিতে আহত দুই ডাকাতকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসে করে ৭–৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সিকির বাজার এলাকায় ওত পেতে ছিল। এ সময় দোকান বন্ধ করে স্বর্ণালংকার ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার নামের দুই সহোদর ব্যবসায়ী। পথিমধ্যে ডাকাত সদস্যরা ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয়।
পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে রাস্তার পাশে ফেলে দেয় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে পালানোর চেষ্টা করে। কৃষ্ণ কর্মকারের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত জড়ো হয়ে চারদিকে খবর ছড়িয়ে দেয়।
ডাকাতির খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদের ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় ডাকাত দলটি গাড়ি ঘুরিয়ে আগৈলঝাড়া উপজেলার দিকে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয়রা রিকশা ও ভ্যান দিয়ে রাস্তা আটকে দেয়। একপর্যায়ে জনতা দুই ডাকাতকে ধরে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। তবে মাইক্রোবাস ফেলে বাকি ৫ ডাকাত স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, স্থানীয়দের সহায়তায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
