রূপগঞ্জে স্কুলের সড়ক সংস্কারে বাধা দেয়ায় প্রতিবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরটেক এলাকার আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সড়ক প্রশস্তকরণে বাধা দেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার দুপুরে বিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি পালনকালে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ফলে শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা জানান, তিন দিন আগে এলাকাবাসী নিজ উদ্যোগে সড়কটি প্রশস্ত করার কাজ শুরু করলে একটি প্রভাবশালী মহল বাধা দেয়। এমনকি কাজ বন্ধ রাখতে ভয়ভীতি দেখানো হয় অভিযোগও ওঠে। এ কারণে সড়ক উন্নয়ন কাজ স্থগিত হয়ে যায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সড়কটির কাজ সম্পন্নের দাবি জানান। যাতে ভবিষ্যতে কোনো বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ্জাক শিকদার বলেন, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। একটি কুচক্রী মহল রাস্তার কাজ বন্ধ করার চেষ্টা করছে বলে জানা গেছে। বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে এবং অচিরেই সড়কের কাজ পুনরায় শুরু করা হবে বলে জানান তিনি।