ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবাজ দেশটি বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার মুখে লেবাননের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েকহেইল লেইতার। এই বৈঠকে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা হবে বলে লেবাননের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের নির্দেশে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে প্রথমবারের মতো টেলিফোনে কথা হয়েছে। ওই কথোপকথনের সময় যুক্তরাষ্ট্রে বৈঠক করার বিষয়ে সম্মত হন তারা।
ইসরায়েলের কান রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইসরায়েলি কর্র্তৃপক্ষ আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। ওই দিনের সাক্ষাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লেবানন-ইসরায়েল আলোচনার শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন। এদিকে, গতকাল শনিবারও লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ জেলার জেফতা ও কফর সির শহরেই ৭ জন নিহত হন।