কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুজনের

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক নুর আমিন (৪১) ও যাত্রী অসিত কুমার সরকার নারু (৬০)। নুর আমিন উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। অপরদিকে অসিত কুমার সরকার কুড়িগ্রাম সদরের সবুজপাড়া গ্রামের মৃত অনিল কুমার সরকারের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত রুহুল আমিন ও তকি আহম্মেদ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয় এবং অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিউলি বেগম ও অসিত কুমার সরকারের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে অসিত কুমার মারা যান।