বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল একের পর এক মাইলফলক পেরিয়ে যাচ্ছেন। ধারাবাহিক গোল আর অ্যাসিস্টে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। এবার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ডার্বি ম্যাচে মাঠে নেমে লা লিগার ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন এই তরুণ তুর্কি।
শনিবার রাতে স্প্যানিশ লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইয়ামাল ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। মাত্র ১৮ বছর বয়সেই তিনি এই কীর্তি গড়লেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেস। ১৯৯৭ সালে ১৯ বছর ২৮৪ দিন বয়সে রাউল নিজের শততম লিগ ম্যাচটি খেলেছিলেন। তাকে পেছনে ফেলে ইতিহাস নতুন করে লিখলেন ইয়ামাল।
রেকর্ডের ম্যাচে বার্সেলোনার জয়েও বড় ভূমিকা রেখেছেন এই উইঙ্গার। ফেরান তোরেসকে দিয়ে একটি গোল করানোর পাশাপাশি নিজে করেছেন দুর্দান্ত এক গোল। লা লিগায় নিজের ১০০ ম্যাচে ইয়ামালের ঝুলিতে এখন ২৯টি গোল ও ৩৪টি অ্যাসিস্ট। সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ১৪৯ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি।
এবারের মৌসুমেও ইয়ামাল আছেন অতিমানবীয় ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২২টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। কেবল পরিসংখ্যান নয়, মাঠে তার পরিপক্কতা এবং চাপের মুখে শান্ত থেকে ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা ফুটবল বিশ্বকে চমকে দিচ্ছে।