সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আল নাসর। শনিবার রাতে আল আখদুদকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা। দলের জয়ে প্রথম গোলটি করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয়ের মধ্য দিয়ে লিগে টানা ১৪ ম্যাচ জেতার নতুন ক্লাব রেকর্ড গড়ল রিয়াদের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ১৫তম মিনিটেই দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সী রোনালদো। ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক নিচু শটে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে লিগে এটি তার ২৪তম এবং ক্যারিয়ারের ৯৬৮তম গোল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। ৪৭তম মিনিটে রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স গোল করে দলের জয় নিশ্চিত করেন। একটি শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল আল নাসর। লিগে বাকি আছে আর মাত্র ছয়টি ম্যাচ। ২০১৯ সালের পর আর লিগ শিরোপা জেতা হয়নি আল নাসরের। ২০২২ সালের ডিসেম্বরে রোনালদো ক্লাবে যোগ দেওয়ার পর এটিই হতে পারে তাদের প্রথম বড় কোনো শিরোপা।
আগামী বুধবার আল ইত্তিফাকের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আল নাসর। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এই ফর্ম ধরে রাখাই এখন রোনালদো-ফেলিক্সদের মূল লক্ষ্য।
ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার
ঘরের মাঠে শিরোপা দৌড়ে বড় হোঁচট খেল আর্সেনাল