২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ছয়জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।

আজ রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৫১ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৬ শিশু।