ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের সময় কৃষক হাবিবুর রহমানের সঙ্গে আসামিদের সংঘর্ষ হয়। এ সময় হাবিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত ও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে তার মা সুফিয়া খাতুনও আহত হন। পরে আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান।
এ ঘটনায় নিহতের ভাগ্নি নুরুন্নাহার ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রমে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামিকে খালাস দেওয়া হয় এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবু হানিফ খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হারুনুর রশিদ।
রায় ঘোষণার পর আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকে জানান, জমি সংক্রান্ত বিরোধে সংঘটিত হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।