বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদ। শখের বশে ঠেলা জাল নিয়ে শুক্রবার (২১ আগস্ট) সকালে নদীতে নেমেছিলেন শরিয়ত উল্লাহ (৫০)। জাল টেনে তুলতেই চোখ আটকে যায় একটি মাছের দিকে—প্রায় এক কেজি ওজনের ইলিশ।
ইলিশের সঙ্গে জালে উঠে আসে বাইন, টাকি, চিংড়িসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। তবে অন্য মাছগুলোকে ছাপিয়ে সবার নজর কাড়ে ইলিশটি। ব্রহ্মপুত্র নদে প্রায় এক কেজি ওজনের ইলিশ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
শরিয়ত উল্লাহর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামে। বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদ হওয়ায় শখের বশে তিনি মাঝেমধ্যে ঠেলা জাল দিয়ে মাছ ধরেন। শুক্রবার সকালে মাছ ধরার সময় তার জালে ইলিশটি ধরা পড়ে।
পরে ইলিশসহ ধরা পড়া মাছগুলোর ছবি তোলা হয়। শরিয়ত উল্লাহর মেয়ের জামাই আতিকুল ইসলাম ভূঁইয়া জয় ছবিগুলোর একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর ছবিটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকের প্রশ্ন—সাগরের ইলিশ ব্রহ্মপুত্র নদে এল কীভাবে?
তবে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বছরের এ সময়ে ইলিশ প্রজননের জন্য সাগর থেকে নদ-নদীতে আসে।
আতিকুল ইসলাম ভূঁইয়া জয় বলেন, আমার শ্বশুর শখের বশে নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নামেন। তখন জালে এই ইলিশটি ধরা পড়ে। সঙ্গে বাইন, টাকি, চিংড়িসহ আরও কয়েক ধরনের দেশীয় মাছও উঠেছে।’
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান বলেন, ‘ইলিশ মূলত অ্যানাড্রোমাস প্রজাতির মাছ। জীবনের একটি বড় সময় তারা সাগরে কাটালেও প্রজননের সময় সাগর থেকে নদীর দিকে অভিপ্রয়াণ করে। পানির পরিবেশ ও নদীর প্রবাহ অনুকূলে থাকলে ইলিশ নদীর অনেকটা উজানেও চলে যেতে পারে। তাই ব্রহ্মপুত্র নদে ইলিশ ধরা পড়ার বিষয়টি অস্বাভাবিক নয়। এটি ইলিশের স্বাভাবিক জীবনচক্র ও অভিপ্রয়াণের অংশ।’
সন্দ্বীপে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার