ঐতিহ্য টিকিয়ে রাখার নীরব লড়াই

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সামনে রেখে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসবে বৈশাখী মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে মাটির খেলনা, হাঁড়ি-পাতিল ও নানা তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জেলার মৃৎ শিল্পীরা। সারা বছরের ব্যবসায়িক মন্দা আর প্লাস্টিকের দাপটে লোকসান কাটিয়ে বৈশাখের মেলাকে ঘিরে কিছুটা লাভের আশায় বুক বেঁধেছেন তারা।

জেলার কোটালীপাড়া উপজেলার হিরণ এলাকার কুমারপাড়ায় গিয়ে দেখা যায়, যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে এই পল্লী। কেউ মাটি কাদায় মিশিয়ে তৈরি করছেন হাঁড়ি-পাতিল, কেউবা রঙ-তুলির আঁচড়ে সাজাচ্ছেন পুতুল ও খেলনা। বৈশাখী মেলায় পসরা সাজাতে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে।

পাল সম্প্রদায়ের নারী-পুরুষ একসঙ্গে দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন ঐতিহ্যবাহী নানা সামগ্রী। সংসারের কাজ সামলে নারীরা, এমনকি শিশুরাও এই শিল্পকর্মে হাত লাগিয়েছে। তাদের এই সম্মিলিত শ্রমেই টিকে আছে শত বছরের পুরনো মৃৎশিল্পের ঐতিহ্য।

মৃৎ শিল্পী মিলন পাল জানান, সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলে গেছে। প্লাস্টিক ও আধুনিক পণ্যের দখলে মাটির জিনিসের চাহিদা অনেকটাই কমে গেছে। ফলে আয় কমে যাওয়ায় অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছেন। তবুও যারা টিকে আছেন, তারা ঐতিহ্য ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা।

এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গোপালগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান বলেন, তিনি কোটালীপাড়া মৃৎশিল্পীদের বাড়ি গিয়ে কাজের মান পরিদর্শন করেছেন। তাদের টিকিয়ে রাখেতে এবং মৃৎশিল্পীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং নতুন বাজার সৃষ্টির মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে বিসিক কাজ করছে।

কুমারপাড়ার এই কর্মচাঞ্চল্য শুধু ব্যবসার গল্প নয়, এটি বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার এক নীরব সংগ্রাম। প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়ার শঙ্কা থাকলেও, বৈশাখ এলেই নতুন করে স্বপ্ন দেখেন গোপালগঞ্জের মৃৎ শিল্পীরা।