আসছে ঈদে মুক্তির জন্য প্রস্তুত মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় অবমুক্ত করা হলো সিনেমাটির প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটিতে গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়কীর আবহ দেখতে পাবেন দর্শকরা। এটির কথা, মৌলিক সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশিদ শরীফ শোয়েব।
পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ মূলত সাধু ও তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। দর্শক ‘হাওয়া’ সিনেমাটি পছন্দ করেছিল। হয়ত ‘রইদ’ আরও বেশি পছন্দ করতে পারে। আবার আরও বেশি অপছন্দও করতে পারে। তবে আমি আমার ভালো লাগার জায়গা থেকে গল্প দেখানোর চেষ্টা করেছি।
ঈদুল আজহায় ‘রইদ’ এর মুক্তি প্রসঙ্গে সুমন বলেন, ঈদের তিন সপ্তাহ পর সিনেমাটি মুক্তির প্ল্যান ছিল। কিন্তু তখন অনেকটা ফুটবল বিশ্বকাপের আমেজ চলে আসবে। এ কারণে আমরা ঈদে মুক্তির পরিকল্পনা করেছি। সুমনের প্রত্যাশা, ‘রইদ’ এর গল্পটি দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে ও আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতার এই সৃজনশীল যাত্রায় সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়।